গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট মহাসড়কের সিকির বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ উত্তরপাড়া এলাকার লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), একই উপজেলার উলাহাটি এলাকার ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের নওশের শেখের ছেলে নাঈম শেখ (২২)।

রুদ্র মাহমুদ কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান কলেজের এইচএসসি প্রথমবর্ষের ও মুরাদ ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিকির বাজার মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন রুদ্র, নাঈম ও মুরাদ। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নাঈমকে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পথে তার মৃত্যু হয়।

কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।