গতকাল ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ উন্নয়ন চায়। দেশের উন্নয়নের স্বার্থে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আমাদের দেশে যাতে বিদেশী বিনিয়োগকারীরা বেশি বেশি বিনিয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের অর্থ যাতে অপচয় না হয় এবং কোনো অসাধু চক্র যাতে দুর্নীতির সুযোগ না পায়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতের উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘গত ১৭ বছর দেশে বিনা ভোটের ও স্বৈরাচারী সরকার ছিল। তারা জনগণের কাছ থেকে শোষণ করলেও জীবনমানের উন্নয়নে কার্যকর কাজ করেনি।’

ফ্যাসিবাদী সরকারের সময় সারা দেশে নির্যাতন চালানো হয়েছে। এসব নির্যাতনের প্রতিবাদে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন এবং এর ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এর ফলে ‘খুনিরা’ দেশ ছেড়ে পালিয়েছে। তারা আবার আসি আসি করছে।’

শামা ওবায়েদ ইসলাম আরো বলেন, ‘দেশের জনগণ ফ্যাসিবাদ ও স্বৈরাচার দেখতে চায় না। যারা বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গুলি করে শিশুদের হত্যা করেছে, তারা দেশে ফিরলে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।