ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

গতকাল আসন্ন ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন আইজিপি। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, ‘মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলাচল করতে পারবে না।’

তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।