কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল ওই শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষা করার জন্য কুড়িগ্রাম আদালতে নেয়া হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরুকমণ্ডপ এলাকায়। মামলার পর গ্রেফতার হওয়ায় ভয়ে পালিয়েছেন ওই শিক্ষক।
অভিযুক্ত সহকারী শিক্ষক একই ইউনিয়নের নাওডাঙ্গা এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়া-আসার পথে গোরুকমণ্ডপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব মিয়া বালারহাট ডিএস দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। এরপর থেকে উভয়ের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। দীর্ঘদিন তাদের সম্পর্ক গোপন থাকলেও সম্প্রতি তা ছড়িয়ে পড়ায় বিয়ের চাপ দেয় ওই শিক্ষার্থী। উপায়ান্তর না পেয়ে ওই শিক্ষকের লোকজন বৃহস্পতিবার মেয়ের বাড়িতে গিয়ে সালিশ বৈঠক বসেন। ওই বৈঠক ব্যর্থ হলে মেয়ের বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, মেয়ের পিতা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য গতকাল কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।










