বাকি দুই মন্ত্রণালয় হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব বণ্টন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি নিয়ে একই বিভাগের সচিব করা হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এতদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মো. সাইদুর রহমান খান। তিনি গত ২৯ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পান।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। সাবেক এ শিল্প সচিব সদ্য বিদায়ী সচিব মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে ৩০ জুলাই নজরুল ইসলাম গৃহায়ণ ও গণপূর্ত সচিবের পদ থেকে অবসরোত্তর ছুটিতে যান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এদিকে জ্বালানি সচিবের দায়িত্বে এমন এক সময়ে বদল আনা হলো যখন মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্প কারখানায় উৎপাদনেও সংকট তৈরি হয়েছে। তবে দুই সপ্তাহ ধরে বিকল থাকা সেই টার্মিনালের মেরামতকাজ চলার মধ্যে গতকাল সেখান থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সদ্য বদলি করা সচিব সাইফুল ইসলাম ২০২৪ সালের ৭ অক্টোবর থেকে এ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদল করলেও এ বিভাগে তাকে বহাল রেখেছিল। এখন এ দায়িত্ব পালন করবেন সদ্য পদোন্নতি পাওয়া জিয়াউল হক, যিনি এ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, শিগগিরই জনপ্রশাসনের আরো কিছু সচিব পদে রদবদলের প্রস্তুতি চলছে। এর মধ্যে এ মাসে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ নতুন সরকার আসার পর থেকেই শূন্য রয়েছে। অক্টোবরে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারেরও অবসরে যাওয়ার কথা।
এসব পদে নতুন নিয়োগের প্রক্রিয়া চলাকালে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ খালি হতে পারে। ফলে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন করে পদায়ন ও দায়িত্ব পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়েও একাধিক রদবদল হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।









