ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১৩টি টিকিটসহ খায়রুল এনাম (৩৭) নামের এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার নবীনগর উপজেলার নারুই গ্রামের বাসিন্দা।
রেলওয়ে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানো হয়। এ সময় ৩৩টি আসনের ১৩টি আন্তনগর ট্রেনের টিকিটসহ খায়রুলকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খায়রুল এনামের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।










