লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের সঙ্গে অসদাচরণ, দুর্ব্যবহার, অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদানের অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই এ পদে বহাল থেকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা রাষ্ট্র বা পরিষদের স্বার্থের পরিপন্থী। এজন্য সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে।