স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নেত্রকোনায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোনা গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) উদ্যোগে রোববার বিকালে পৌর এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রীর এ ত্রাণ উপহার বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ সময় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান। উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী একেএম সাবিকুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. ইফতেকার আলম, জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, পৌর কাউন্সিলর মান্নান খান আরজু প্রমুখ।