সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে একটি গবেষণা প্রকাশ করেছে। গবেষণায় উচ্চ শক্তির রড ও কংক্রিট ব্যবহার করে কীভাবে ভবন নির্মাণ খরচ এবং পরিবেশের ক্ষতি কমানো যায়, সে বিষয়ে আলোকপাত হয়েছে।

আজ রোববার (১৩ এপ্রিল) গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। দেশের খ্যাতনামা প্রকৌশলীরা সেমিনারে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আকতার। বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

সেমিনারে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কামরুজ্জামান দেখান, উচ্চ শক্তির রড ব্যবহার করে ভবন নির্মাণ খরচ কমানো সম্ভব। একই সঙ্গে এটি পরিবেশে কার্বন নিঃসরণ ও গ্রীনহাউস গ্যাস কমিয়ে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দ্বিতীয় গবেষণাপত্রে মো. জাহিদ হাসনাইন উচ্চশক্তির রডের সঙ্গে কংক্রিটের শক্তিমাত্রা ও অন্যান্য দিকগুলো ব্যাখ্যা করেন।

সেমিনারে বক্তারা উচ্চশক্তির রড ব্যবহারের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। তারা বলেন, এর মাধ্যমে নির্মাণ খরচ কমানো ও পরিবেশের ক্ষতি কমানো সম্ভব। তারা নির্মাণ সামগ্রী ব্যবহারে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের ওপর জোর দেন।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, গবেষণার মাধ্যমে আমাদের উন্নতি করতে হবে। উন্নত দেশগুলোতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলোও গবেষণার জন্য উদ্যোগ নেয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, জিপিএইচ ইস্পাত নির্মাণ খাতে গবেষণায় বিনিয়োগ করে তাদের দায়িত্বশীলতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাদের যৌথ গবেষণা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের গবেষণা অব্যাহত রাখা জরুরি। —বিজ্ঞপ্তি