বর্ষার পানিতে থৈ থৈ করছে মুন্সিগঞ্জের আড়িয়ল বিল। শুষ্ক মৌসুমে বিলে সবজি আবাদ করেন স্থানীয় বাসিন্দারা। তবে বর্ষায় পুরো বিল পানির নিচে থাকায় তেমন কোনো কাজই থাকে না তাদের হাতে। বেকার হয়ে পড়ে নিম্ন আয়ের পরিবারগুলো। বিলে জন্মানো শাপলাই হয়ে ওঠে কর্মহীনদের জীবিকার একমাত্র উৎস। সবজি হিসেবে খাবারের তালিকায় শাপলার জুড়ি নেই। শুধু বর্ষা মৌসুমে শাপলা পাওয়া যায়। তা সংগ্রহ করতে সূর্য ওঠার আগেই বিলে নেমে পড়ে কর্মহীন মানুষ।