পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। মেয়াদোত্তীর্ণ হয়েছে জানিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
২০১৮ সালের ৬ মে মো. জাহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও অনিরুজ্জামান অনিককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য পিরোজপুর জেলা কমিটির অনুমোদন দেয় তত্কালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। শুক্রবার রাতে সাধারণ সম্পাদক অনিক একক স্বাক্ষরে পিরোজপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। এরপর ফেসবুকে সাধারণ সম্পাদকের পাশাপাশি সভাপতি টিটু স্বাক্ষরিত একই কমিটির একটি কপি ছড়িয়ে পড়ে। তবে টিটু দাবি করেন কমিটিতে তার নামের স্বাক্ষরটি তার নয়। এর পর রাতেই পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের আগামী কমিটিতে পদপ্রত্যাশী সাবেক সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহম্মেদ রাসেল বলেন, দীর্ঘদিন জেলা ছাত্রলীগের কমিটি না হওয়ায় ছাত্র নেতাদের মেধার বিকাশ ঘটেনি। তাই পরবর্তী সময়ে কমিটিতে যাতে ত্যাগী, পরিশ্রমী ও মেধাবী ছাত্রদের মূল্যায়ন করা হয় এ দাবি তার। দীর্ঘ সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় দলীয় কার্যক্রম বিঘ্নিত হয়েছে বলে মনে করেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুু।










