‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০তম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাখি মেলা ২০২০’। পাখি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পাখি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এই মেলার আয়োজন করছে। পাখি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক কামরুল হাসান বণিক বার্তাকে বলেন, ‘প্রতিবারের ন্যায় এবারও প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখিমেলা অনুষ্ঠিত হবে। পাখি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করবেন।’
দিনব্যাপী এ মেলায় থাকছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা’, ‘পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী’, স্কুল পর্যায়ের শিশু কিশোরদের জন্য ‘পাখির ছবি আঁকা প্রতিযোগিতা’, ‘টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ’, ‘পাখির আলোকচিত্র ও পত্র পত্রিকা দিয়ে স্টল সাজানো প্রতিযোগিতা’, ‘পুরস্কার বিতরণী’, ‘পাখি চেনা প্রতিযোগিতা’ ও ‘পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’।
এছাড়া সংবাদমাধ্যমে বিগত এক বছরে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখার জন্য প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন সংবাদকর্মীকে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ এবং বিগত এক বছরে বাংলাদেশের পাখির উপর সায়েন্টিফিক জার্নাল, প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে একজনকে ‘সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এবারের পাখিমেলারসহ আয়োজক হিসেবে রয়েছে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এবং বাংলাদেশ বন বিভাগ।










