সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।  রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেখার হাওরে এঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনালি বাড়ির চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৪০) ও একই গ্রামের নুরুল হক মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫)।

স্বজনরা ও স্থানীয়রা জানান, গতকাল রাত থেকে ঝড়-বৃষ্টি চলছে সুনামগঞ্জ জেলায়। বৃষ্টির মধ্যে সকাল ৭টায় পলিরচর গ্রামের জালাল মিয়া, জসিম মিয়াসহ গ্রামের কয়েকজন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। হঠাৎ সকালে বজ্রপাত হলে দেখার হাওরে জালাল মিয়া ও জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।  

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে দুইজন মারা যাওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় বজ্রপাতে জামালগঞ্জে মো. শরীফ মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলা সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।