বান্দরবান জেলা শহরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল নিজ কক্ষে সংবাদ সম্মেলন ডেকে তিনি এ উদ্বেগ জানান। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা রোববার বিকাল থেকে শহরের উতানীপাড়ার বান্দরবানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। সারারাত থেকে পরদিন ভোরে তারা বিদ্যালয় ত্যাগ করে। সে সময় উজানীপাড়ার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। 

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টিংম্যায়ি মারমা বলেন, বান্দরবান স্টেডিয়ামে গত রোববার বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট চলছিল। এর মধ্যে সেলফোনে জানতে পারি, আমাদের বিদ্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। দ্রুত বিদ্যালয়ে গিয়ে দেখি, ছড়িয়ে-ছিটিয়ে সশস্ত্র অবস্থায় কমবেশি ২০ কিশোরের একটি গ্রুপ সেখানে অবস্থান করছে। যাদের বয়স ১৪-১৯-এর মধ্যে। কেউ স্বাভাবিক পোশাকে, কেউ পাতা রঙের পোশাক পরিহিত ছিল। তাদের একজন আমার কক্ষে ঢুকে বলে—আমরা শুধু রাতটা এখানে কাটাব। পরে উপজেলা ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাই।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বান্দরবান শহরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান খুবই ন্যক্কারজনক, দুঃখজনক ও ভয়ংকর। তবে সবাই বলে এরা মগ পার্টি। এদের বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন গ্রুপ আছে। তারা চাঁদাবাজি করছে, ভয়ভীতি দেখাচ্ছে। বিভিন্ন ধরনের প্রতিনিধিদের থেকে চাঁদাবাজি করছে। অস্বস্তি দেখা দিয়েছে এলাকায়। এ অবস্থায় এলাকায় শান্তিতে থাকতে পারছি না। এর একটা ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন রেখে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, বান্দরবানের নিরাপত্তা কি? এখনই নিরাপত্তা দিতে না পারলে আগামী দিনে খুবই ভয়াবহ অবস্থা হবে।