লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসেন আলী লাল ও তার ভাই আবু নঈম মিস্টার, নতুন কৈটারী মুনিরাবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন ও চরভোটমারী এলাকার মুনছার আলী ছেলে শফিউল আলম সাদ্দাম।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ অক্টোবর কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের মুসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে এবিটি সদস্যদের বৈঠক চলাকালে রংপুর র্যাব-১৩-এর একটি দল তাদের গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে একটি পিস্তল, একটি ফায়ারিং পিন, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলি, গান পাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।










