সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে প্রতি শনিবার হাট বসে। সেখানে বাজার করে ট্রলারে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। অতিরিক্ত যাত্রী ও মালামালের ভারে নৌকাটি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা পাড়ে উঠে এলেও দুই নারী ও দুই শিশু ডুবে মারা যায়।

তারা হলেন— জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), একই গ্রামের নিয়ন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গা রানী সরকার (৮)।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ট্রলারডুবিতে চারজন মারা গেছেন। সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থানা সদর থেকে ১০ কিলোমিটার দূরে।