দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। সুনামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছে মা-মেয়ে। এছাড়া ফরিদপুর, যশোর, বাগেরহাট, ময়মনসিংহ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আরো সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

নরসিংদী: মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকচালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (৩০)।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি মনির হোসেন জানান, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক ও তার সহযোগী।

ফরিদপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় ফরিদপুরের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)। আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বাসটি একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাঁটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে কয়েক যাত্রী চাপা পড়েন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে নেয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। অন্ধকার ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

যশোর: জেলার চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকলে আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌগাছা উপজেলার বাশাপোল কালিয়াকুণ্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলে চৌগাছা বাজারে যাচ্ছিলেন। পথে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছলে একটি বালিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ কর্মকর্তা সপরিবারে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসছিলেন। সেঁজুতি ট্রাভেলসের বাসটি শান্তিগঞ্জ উপজেলায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যায়।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, তারা ঘটনাস্থলে গিয়ে বাসটি খাদে পড়া অবস্থায় পেয়েছেন। বাসের নিচে চাপা পড়ে নিহতদের ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করেছে।

বাগেরহাট: খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদ-উল হাসান জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জের পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম এবাদুল হক (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন এবাদুলের স্ত্রী ও নাতিসহ আরো তিনজন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার উচাখিলা-মধুপুর সড়কের হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্ত্রী ও নাতিকে নিয়ে এবাদুল অটোরিকশায় করে ভালুকার হবিরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উচাখিলা-মধুপুর সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এবাদুল। আহত হন তার স্ত্রী সাজেদা (৪০), পাঁচ বছর বয়সী নাতি ও অটোরিকশাচালক বাদল মিয়া (৩২)।

ঈশ্বরগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।

চট্টগ্রাম: জেলার বাঁশখালীতে কাভার্ড ভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ ফাহিম (৫)। সে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আবদুর রহিমের ছেলে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।