কক্সবাজারের উখিয়ায় শখ করে মাছ ধরতে গিয়ে সাগরে ভেসে গেছে দুই কিশোর। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানান, শুক্রবার সকালে বন্ধুর সঙ্গে শখ করে সাগরের মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

সায়েমের মামা মুজিবুর রহমান বলেন, ছয় কিশোর সাগরে মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ ঢেউয়ের তোড়ে তাদের মধ্যে দুজন পানিতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি।