সড়ক দুর্ঘটনায় উত্তরের জেলা সিরাজগঞ্জে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় সোমবার রাতে বরযাত্রীদের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ থেকে বিয়ের বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নাটোর জেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার রাতে সামনে থাকা বাস ও ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে জাহাঙ্গীর (৫০), তার স্ত্রী পান্না খাতুন (৪৩) ও একই উপজেলার মাঝগ্রামের নূর ইসলামের ছেলে মাইক্রোবাসচালক সেলিম আহমেদ (৩৫) ও মানিকগঞ্জের হালিমের ছেলে রফিকুল ইসলাম (৩৮)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।










