ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে শাকিব নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গতকাল দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটে কেরানীগঞ্জের আতশুল রোডের ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ও পুসতলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টা ৩২ মিনিটে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পুসতলা ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় শাকিব নামের একজন ঘটনাস্থলেই মারা যান। সে আমান প্লাস্টিক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।










