ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (ডিএসএ)ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল
আদালতে মামলা করেছেন রাঙামাটির সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনুর মেয়ে নাজনীন
আনোয়ার। গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়। সাইবার
ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী
১৩ নভেম্বর প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক ফজলে
এলাহী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনির্বান শাহরিয়ার, জাগো নিউজের রাঙামাটি
প্রতিনিধি সাইফুল হাসান, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ, টিবিএসের খাগড়াছড়ি
প্রতিনিধি দিদারুল আলম ও বণিক বার্তার রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনির নাম উল্লেখ
করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে,মামলার এজাহারে উল্লেখিত আসামিরা সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে পোস্ট করার কারণে বাদী এবং তার মা সামাজিক ও রাজনৈতিকভাবে অপদস্থ হয়েছেন।
এর মাধ্যমে তারা মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন।মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন
২০১৮ এর ২৩,২৫,২৬,২৯,৩১,৩৪,৩৫ ও ৩৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে নিজ সম্পাদিত অনলাইন দৈনিক পাহাড় টোয়েন্টিফোর ডটকমে রাঙামাটি
জেলা প্রশাসনের ডিসি বাংলো পার্কে অবস্থিত পাইরেটস রেস্টুরেন্ট নিয়ে প্রতিবেদন প্রকাশের
জেরে সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলা করেন নাজনীন আনোয়ার। এই মামলায় ৭ জুন সন্ধ্যায়
ফজলে এলাহীকে গ্রেফতার করে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ। ৮ জুন রাঙামাটির আদালতে
অন্তর্বর্তীকালীন জামিন পান ফজলে এলাহী। এরপর ১৪ জুন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল
আদালত থেকে স্থায়ী জামিন পান তিনি। গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে
সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও জামিন দাবিতে সরব থাকার
জের ধরেই এবার ফজলে এলাহীসহ আরো পাঁচ সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা করা হলো।










