পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পাহাড়ে শিক্ষা ও মৌসুমভিত্তিক নানা অর্থকরী ফসলের উৎপাদন বৃদ্ধিসহ সব খাত উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে জেলাভিত্তিক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিন পার্বত্য জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে, নতুন নতুন অবকাঠামো নির্মাণের কাজ চলমান। একই সঙ্গে শিক্ষা উপকরণ, কৃষি জমিতে সেচ নালা, ধান মাড়াই মেশিন, পাওয়ার টিলার, পাম্প মেশিন প্রভৃতি কৃষি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী সব খাতে অব্যাহতভাবে উন্নয়ন করে যাচ্ছে সরকার।
গতকাল বিশেষ কর্মসূচির আওতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আয়োজনে বাঘমারা বাজারে অনুষ্ঠিত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু, কৃষি উপকরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় স্থানীয় সরকার বিভাগের বান্দরবানের উপপরিচালক মো. লুত্ফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজা সারোয়ার, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, তিংতিংম্যা মারমা এবং বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলার ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।










