বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা-মোংলা সড়কের কাটাখালী মোড় ও বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে তিন শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায়ের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।