সাত ঘণ্টার ব্যবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার শেষ রাতে গ্রিনসিটি আবাসিক প্রকল্পের বহুতল ভবনের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গ্রিনসিটি প্রকল্প থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন আনুমানিক রাত ২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার তলমাসেফ ভাইয়াসেলভ (৬০) ১৪ তলা থেকে সিঁড়ি বেয়ে নামার সময় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কোম্পানির নিজস্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী মাছুম বলেন, দুজনের মধ্যে একজন অতিরিক্ত ড্রাগ পানে এবং অন্যজন হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।










