ফেনী জেলার সীমান্তবর্তী এলাকার বন্যাদুর্গতদের উদ্ধার সহায়তায় কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

গত দুই দিনের ভারী বর্ষণে মহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে আসছে। পাশাপাশি উদ্ধারকৃত জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও জরুরি শুকনো খাবারও বিতরণ করছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যেকোনো দূর্যোগময় মুহূর্তে  জনগণের পাশে থেকেছে। বর্তমান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির উদ্ধার ও অন্যান্য সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।