নেত্রকোনার মদন উপজেলার মগড়া নদীতে সেতুর সঙ্গে আটকে যাওয়া বালিবাহী নৌকা ছাড়াতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর নিচে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে বালিবোঝাই করে নৌপথে বরিশালের উদ্দেশে রওনা হলে গতকাল সকালে মদন উপজেলার মগড়া নদীর দেওয়ান বাজারসংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে পানি কম থাকায় নৌকাটি আটকে যায়। পরে সকালে নৌকা ছুটানোর জন্য ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে টানাটানি করার এক পর্যায়ে তৌহিদ মিয়া নদীর পাড়ে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তুনু সাহা তাকে মৃত ঘোষণা করেন।