নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন সৈয়দ এহসানুল হুদা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন তিনি।
নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতা-কর্মীরা আজ বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আস্থা প্রকাশ করে এবং একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। আমরা আশা করছি, তাদের এ যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে।’
যোগদান করে সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘বিএনপি একটি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দল। দেশের এ ক্রান্তিকালে গণতন্ত্রের পথে আমরা বিএনপিতে যোগ দিলাম। আজ নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আজ আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করছি। আশা করছি, অতীতে যেভাবে রাজপথে সংগ্রাম করেছি, ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে সামান্য হলেও ভূমিকা রাখতে পারব।’ যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।










