গাইবান্ধায় নছিমনের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ, বরিশাল ও জয়পুরহাটে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাইবান্ধা: চার যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজার থেকে একটি অটোরিকশা হরিণাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুলে পৌঁছলে পেছন থেকে আসা নছিমন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক আশরাফুল মারা যান। এ ঘটনায় চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন মুত্তালিব মিয়া ও সবুজ মিয়া।
নিহত অটোরিকশাচালক আশরাফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে, মুত্তালিব মিয়া মৃত ভোলা মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের বুধা শেখের ছেলে।
ঝিনাইদহ: কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে চিনিকলের সামনে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে রেজাউল ইসলাম গুরুতর আহত হন। সেখান থেকে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল: গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরো সাত যাত্রী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গৌরনদী উপজেলার মাহিলারায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে আসছিল। বাসটি মাহিলারায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
জয়পুরহাট: দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হারুনুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হিচমী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আহতরা হলেন কড়ই এলাকার জামসের উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৬০), একই গ্রামের শাজাহান আলীর ছেলে রিয়াদ হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাচালক মোসলেম উদ্দিন কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হারুনুর রশিদ মারা যান।










