কুষ্টিয়ার ইবি থানায় দায়েরকৃত ৮ বছর আগের একটি হত্যা এবং দৌলতপুর থানার পৃথক একটি ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেকের ২০ ও ৫০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী চার আসামির উপস্থিতিতে এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান দুই আসামির অনুপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের নফছের আলীর ছেলে জগো (৪৫); তিনি বর্তমানে পলাতক। এদিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- ইলাম মন্ডল ওরফে কালু (৩৫), বাদশা ওরফে বাশি মন্ডল (৪০), আমিরুল ইসলাম (৪৫), আসাদুল (৩০) এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন- শহিদুল ইসলাম, আলিম ওরফে ঝড়ো, বাবলু, রহমত ওরফে সাইদুল, মিজানুর রহমান ওরফে মিজান, আলী হোসেন ও ইউনুস আলী। এরা সবাই কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকার বাসিন্দা।
এছাড়া দৌলতপুর থানায় দায়েরকৃত দুই বছর পূর্বের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন-উপজেলার আল্লারদর্গা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পলাতক রানা হোসেন এবং সোহেল রানার স্ত্রী বেলী খাতুন। তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর সাজার আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌশুলি অ্যাড. অনুপ কুমার নন্দী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌশুলি অ্যাড. আব্দুল হালিম পৃথক দুই মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।










