রাজধানীর হাইকোর্ট চত্বরের জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল-ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন তিনি।
প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতারা, কূটনৈতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ঈদের জামাতে অংশ নেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ঈদের নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর আগে রাষ্ট্রপ্রধান জাতীয় ঈদগাহে পৌঁছলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্টরা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।










