প্রায় আট বছর পর আজ মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে নৌকার আদলে বিশাল আকৃতির মঞ্চ। সম্মেলন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীরা।
জেলার বিভিন্ন সড়কে জাতির জনক ও দলীয় প্রধানের ছবিসহ কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের দলীয় নেতাদের ছবিসংবলিত প্লাকার্ড, পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে। বানানো হয়েছে বিশাল আকৃতির তোরণ।
সম্মেলন সামনে রেখে এরই মধ্যে জেলার ৬৫টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি, দুটি পৌর কমিটি ও সাত উপজেলার সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এখন জেলা সম্মেলনে কে হচ্ছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা।
পুরনোদের পাশাপাশি নতুন নেতৃত্ব আশা করছেন তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকরা। নতুন নেতৃত্বে পদ পেতে কেন্দ্রীয় হাই কমান্ডে জোর লবিং করেছেন পদ প্রত্যাশীরা।
বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম। তৃণমূলের মতামত ও দলীয় সভানেত্রীর পরামর্শ ক্রমেই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে বলে জানান এ দুই নেতা।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সর্বশেষ ২০১৫ সালের ১৭ জানুয়ারি তিন বছর মেয়াদি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি হয়েছিল।










