নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে মুনতাহা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা উপজেলার ভেড়ভেড়ি হাজীরহাট এলাকার মজনু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বাড়িসংলগ্ন ভেড়ভেড়ি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ধান শুকাতে যান মুনতাহার মা রুবিনা বেগম। মুনতাহাও সঙ্গে যায়। মা ব্যস্ত থাকায় বিদ্যালয় মাঠে খেলা করছিল সে। একপর্যায়ে স্কুলের গেটে উঠে খেলার সময় হঠাৎ গেটের পিলার ভেঙে নিচে চাপা পড়ে মুনতাহা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।