দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনিতে টানা ১৫ দিন বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে। গতকাল সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন করে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। কিন্তু পাথর উৎপাদন ও উন্নয়নকাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) অভাবে গত ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় জিটিসি।

সূত্র মতে, খনি কর্তৃপক্ষ অ্যামোনিয়াম নাইট্রেট সময়মতো সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সে সময় এমজিএমসিএল কর্তৃপক্ষ জানায়, কভিড-১৯ পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সময়মতো বিস্ফোরক দ্রব্য আমদানি সম্ভব হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা হবে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার খনি কর্তৃপক্ষ বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে। ফলে গতকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি আবারো খনির ভূ-গর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে।

এমজিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে আবারো পাথর উত্তোরন শুরু হয়েছে।