পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে শেখ হাসিনার সরকার। দেশের উন্নয়ন নির্ভর করে কৃষকের ওপর। তাদের হাত যত শক্ত থাকবে, দেশ তত উন্নত হবে। গতকাল বিকালে চাঁদপুরের মতলব-উত্তর উপজেলার আমুয়াকান্দি গ্রামে ২০২১-২২ অর্থবছরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ছিল কৃষকের প্রতি খেয়াল রাখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী দেশে আবাদি জমি কমেছে ১০ শতাংশ। ছোট দেশে অল্প জমি হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন বেড়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, কিছু কিছু রফতানিও হচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞানীদের পরিশ্রমের ফলে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমুয়াকান্দির কৃষক বাংলাদেশকে কৃষি বিপ্লবের পথ দেখাবেন। কারণ, আড়াই একর জমিতে আট টন ধান উৎপাদন করে কৃষি বিপ্লব ঘটিয়েছেন এখানকার কৃষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এএসপি (সার্কেল মতলব-উত্তর) ইয়াসির আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম কাদের, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন প্রমুখ।