বরিশালে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সুজন নামে ওই যুবকের মৃত্যু হয়। তিনি নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরে একটি বাসায় ভাড়া থাকতেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ বলছে, ১৪ মার্চ দুপুরে শিশুটি প্রতিবেশীর বাড়িতে রান্নার পাতিল দিতে যায়। এ সময় সুজন তাকে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এদিকে গতকাল দুপুরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত সুজনকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল রাত ৮টার দিকে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থেকে অভিযোগ দিলে হত্যা মামলা করা হবে। যদি তাদের কোনো অভিযোগ না থাকে তাহলে মরদেহের ময়নাতদন্ত শেষে ইউডি মামলা করবে পুলিশ।