বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজ বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মাহফুজ আলম বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরমপন্থীদের জন্য সুযোগ তৈরি হয়েছে। তবে আমরা কাউকে সে সুযোগ নিতে দেব না। আমাদের লক্ষ্য হলো, গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া।
তিনি আরো বলেন, আমরা চেষ্টা করব যাতে গণঅভ্যুত্থানে শহীদদের বিচার শেষ করা যায়। শহীদদের চেতনা ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাব।
গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যতদিন আমরা আছি, চাইব গণমাধ্যমের মানোন্নয়ন ও গুণগত পরিবর্তন। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় বিভিন্ন নেতারা।










