আগামী ২৩ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আওয়ামী লীগ একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টি করতে পারবে এমন শক্তি তাদের এখনো হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
গতকাল এফডিসিতে সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির ইমিগ্রেশনে শিষ্টাচারবহির্ভূত যে আচরণ করা হয়েছে তা কেবল ব্যক্তিকে নয়, বাংলাদেশকে অবমাননার অপচেষ্টা, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়।’
মাহবুব উল্লাহ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর মানুষ এখন যে ভাষা ব্যবহার করে তা অত্যন্ত নোংরা, নিকৃষ্ট ও অরুচিকর। সোশ্যাল মিডিয়ায় গুজব ও উসকানি প্রদানে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে। গুজব ও অপপ্রচার অব্যাহত থাকলে পরাজিত শক্তি পুনরুত্থানের পথ খুঁজে পাবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে যে ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে তা অত্যন্ত ক্ষতিকর।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।’
তিনি জানান, গুজব, ভুয়া তথ্য, উসকানিমূলক পোস্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভুয়া কনটেন্ট সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিচ্ছে। একই সঙ্গে ডিজিটাল আসক্তি শিক্ষার্থীদের বিকাশে বাধা সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।
‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে সরকারি দল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাছুদুর রহমান, মিরাজ মাহবুব ইফতি, মো. আতিকুর রহমান এবং জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেয়া হয়।










