ঝালকাঠিতে রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারকে (৫৫) হত্যার মামলায় তার ভাই রুহুল আমিনকে (৫০) খাগড়াছড়ির মানিকছড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করে ফিরে এসেই ফিরোজকে হত্যা করেন রুহুল।

নিহতের স্ত্রী রানী বেগম জানান,  রুহুল আমিন নিহত ফিরোজের আপন ছোটভাই। পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই তাকে খুন করা হয়েছে।

এ ঘটনায় বাদী হয়ে রানী বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর রুহুল আমিন ও তার মেজ ভাই ফিরোজ হাওলাদারের মধ্যে জমিজমা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে ফিরোজকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন রুহুল।