গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌচাক এলাকায় অবরোধের কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার সামনে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন তারা। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘৩ ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।’










