বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরা যাবে না। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার লড়াইয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ রোববার দুপুরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এখন রাস্তায় আন্দোলন নয়। এখন জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক ও হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারব না। তিনি আরো বলেন, আমরা যদি পরস্পরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যাই, আবার সেই পুরনো কালচারে আমাদের ফিরে যেতে হবে।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দলগুলো এক সঙ্গে বসার কালচার কোনো সময় ছিল না। কেউ কারো চেহারা দেখতো না। আজ কিন্তু আমরা এখানে সবাই বসেছি, ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি। আগামী নির্বাচনকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব, সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে।
আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য বিগত ১৬ বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি। বাকি যে কাজটা আছে সেটা আমাদের করতে হবে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে ১৪ মাস আমরা অতিক্রম করছি। আজ পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি। আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ ও সরকারের জন্য, সেটা এখনো আমরা পাইনি।
তিনি আরো বলেন, এ জন্য আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় জুলাই সনদে সই করেছি। এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে।
আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। এ কালচারগুলো আনতে হবে।
তিনি বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ হচ্ছে না। প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, চিন্তা ভাবনা ও রূপরেখা আছে, সবকিছু তো এক জায়গায় হবে না। তা না হলে তো আলাদা দল হতাম না, তাহলে তো আমরা বাকশাল হয়ে যেতাম। সুতরাং যার যার অবস্থানে আমাদের যে ম্যান্ডেট, সেটা নিয়ে জনগণের কাছে যাব। সেই ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সংসদের মাধ্যমে পরিবর্তন আসবে। অনেকগুলো পরিবর্তন রাতারাতিও আসবে না, এগুলো একটা সময়ের মধ্যে আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে। যে কটা সমাধান হবে না, সেগুলো আমাদের জনসম্মুখে আলাপ-আলোচনার মধ্যে রাখতে হবে।















