ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের মামলায় সালথা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ১০ আসামি ফরিদপুরের ৬ নং আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড়ের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
৮ জুলাই সন্ধ্যায় উপজেলার গোট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা এলেম শেখের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধর করে তারা। এ ঘটনায় ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন।










