ভূমিকম্পে নিহতদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার (১ এপ্রিল) এক মিনিট নীরবতা পালন করেছে মিয়ানমার। ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ৫০মিনিটে আঘাত হেনেছিল। আজ ঠিক একই সময়ে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।
মিয়ানমারের মান্দালয় থেকে এএফপি এ খবর জানায়, নীরবতা পালনের সময় জনগণকে মন্দির ও প্যাগোডায় প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে এ সময় মিডিয়ার সম্প্রচার বন্ধ রাখতে এবং শোকের প্রতীক প্রদর্শনের পরামর্শ দেয়া হয়েছে।
জান্তা সরকারের এ পদক্ষেপ দেশটিতে ঘোষিত এক সপ্তাহের জাতীয় শোকের অংশ। ’প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রতি সহানুভূতি জানাতে’ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত থাকবে।
ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ৩ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ আহত এবং ২৭০ জন নিখোঁজ রয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া শহর ও গ্রামে উদ্ধারকারী দল পৌঁছালে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ভয়াবহ সেই ভূমিকম্প আঘাত হানার চারদিন পরও এখনো বাড়ির বাইরে ঘুমাচ্ছেন অনেকে। আরো ভূমিকম্পের আশঙ্কা এবং ভয়ে ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফেরার সাহস পাচ্ছে না জনগণ। ফলে শত শত বাসিন্দা চতুর্থ রাত খোলা আকাশের নিচে কাটিয়েছেন। তাদের অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেকে আবার সম্ভাব্য আফটারশকের ক্ষতি নিয়ে ভয় পাচ্ছেন।















