পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীমের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, ওই শিক্ষক চাকরির বিধিমালা লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের গোপন নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার নামে গুজব ছড়িয়েছেন। অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফজলুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাওহীদা খানম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান, জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী, সহকারী প্রক্টর ফারুক আহম্মেদ, কর্মচারী পরিষদের সভাপতি মো. মহিউদ্দীন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন পাভেল।