চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) বিকালের দিকে পদ্মা অয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জাহাজে থাকা ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- জাহাজের শ্রমিক রুবেল, গোলাম, জিলানী, মাসুদ, গিয়াস উদ্দিন ও মধু মিয়া। এদের মধ্যে গোলাম নামের একজন ট্যাংকার কর্মচারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ৫ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মধু মিয়া বলেন, চট্টগ্রাম থেকে গত শুক্রবার আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে আসি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ইঞ্জিন রুমে গ্যাসে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়। এতে পুরো ট্যাংকারে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি।

হাসপাতালের আরএমও আকলিমা জাহান বলেন, অগ্নিকাণ্ডে আহত গোলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। বাকি ৫ জনের অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ট্যাংকারে থাকা ৬ জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন