চট্টগ্রাম নগরীর মশা নিয়ন্ত্রণে গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এপ্রিলের মধ্যে চসিকের অস্থায়ী কার্যালয়ের অষ্টম তলায় পরীক্ষাগারটি চালু করা হবে।
গতকাল মশা কমাতে মহেশখাল পরিষ্কার করার মাধ্যমে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র এসব কথা বলেন। প্রোগ্রামে ১৫০ জন স্প্রেম্যান, ফগার অপারেটর, পরিচ্ছন্নতাকর্মী অংশ নিচ্ছেন। এ সময় কাউন্সিলর মো. ইসমাইল, মো. ইলিয়াছ, আবদুল মান্নান, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ‘ওয়ার্ড পর্যায়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে কাউন্সিলররা তদারকি করছেন। তবে সামনে যেহেতু ডেঙ্গুর মৌসুম তাই মশা নিয়ন্ত্রণে কাউন্সিলরদের আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে হবে। কারণ সচেতনতা ও মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করতে কাউন্সিলরদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
চট্টগ্রামে মশা নিয়ন্ত্রণে হালিশহরের ফইল্যাতলী বাজারসংলগ্ন মহেশখালে মূল কার্যক্রম শুরু হয়েছে। ৪১টি ওয়ার্ডেই নিয়মমাফিক মশার ওষুধ ছিটানোর পরও দেখা যাচ্ছে হালিশহরসহ কয়েকটি ওয়ার্ডে মশা কমছে না। সেজন্য ল্যাবটি চালু করা হচ্ছে বলে জানান সিটি মেয়র।










