গ্রেফতারকৃতের নাম নাফিস ফুয়াদ ঈশান (২২)। গতকাল রোববার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত নাফিস ১৬ আগস্ট তারিখে নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে। জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যে গ্রেফতারকৃত নাফিস ভিডিওটি ২৪ অক্টোবর তার পরিচালিত কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলে প্রচার করে।

গ্রেফতারকৃত নাফিস ফুয়াদ ঈশানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কোয়ালিটি টিভি নামক অনলাইন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একই সঙ্গে সে কেস টিভি নামক ফেসবুক পেইজেরও অ্যাডমিন। নাফিস ফুয়াদ ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা এবং বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিল।

গ্রেফতারকৃত নাফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।