গতকাল ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জরুরি মেরামতের জন্য উড়োজাহাজটি ‘গ্রাউন্ডেড’ ঘোষণা করা হলে তীব্র ভোগান্তিতে পড়েন ২৫০ যাত্রী। এ সময় তাদের ৮ঘণ্টা বিমানে বসিয়ে রাখা হয়।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রী জানান, বিমানটি রানওয়েতে থাকা অবস্থায় প্রায় ৮ ঘণ্টা তাদের বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তাদের স্থানীয় হোটেলে নেয়ার প্রক্রিয়া শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ রাত ১০টায় জানায়, কানাডার টরন্টো থেকে ঢাকায় ফেরার সময় ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে ফ্লাইট বিজি-৩০৬ উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে বিজি-৩০৫ (ঢাকা-রোম-টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

সংস্থাটি আরো জানিয়েছে, ত্রুটির সম্মুখীন হওয়া উড়োজাহাজের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে টরন্টোগামী বিজি-৩০৫ এর নতুন উড্ডয়নের সময় শনিবার বেলা ১টায় নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে টরন্টো থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় উড়োজাহাজটি ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করলে এর কারিগরি পরীক্ষা করা হয়। তাৎক্ষণিকভাবে ত্রুটি দূর করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করতে বাধ্য হন পাইলট।