বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী কালাবদর নদীর গজারিয়া এলাকায় জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এক পর্যায়ে হামলাকারী জেলেরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার ও পাইজাল জব্দ করে অভিযানিক দলের সদস্যরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় কোস্টগার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলার নৌ-পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। তারা মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে ৪০-৫০ জন জেলের একটি দল ৭-৮টি ট্রলার নিয়ে এসে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় কোস্টগার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন।

তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে চার রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পরে অভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।