জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা যেমন জনসমক্ষে আনা হবে, তেমনি যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোর কথাও জানানো হবে।
আজ রোববার (২৫ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, স্বচ্ছতা ও ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য এসব তথ্য জানানো হবে। রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থানের কারণে সব বিষয়ে ঐকমত্য সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো জানান, প্রাথমিক পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠানো হয়েছে।
সুশীল সমাজের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার গুরুত্বের কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যথেষ্ট নয়, নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে একধরনের ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার।
আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্যান্য সদস্য এবং সুশীল সমাজের ১১ জন প্রতিনিধি অংশ নেন।










