বাংলা নববর্ষের সঙ্গে পান্তা ইলিশ যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পহেলা বৈশাখে মাটির সানকিতে করে পান্তা ইলিশ খাওয়াকে অনেকে আবার বাঙালিয়ানার বহিঃপ্রকাশ হিসেবেও ভাবতে পছন্দ করেন। তবে নববর্ষের একদিন আগে থেকেই বরিশালের বাজারে দেখা দিয়েছে ইলিশের আকাল। গুটিকয়েক ইলিশ পাওয়া গেলেও দাম চড়া। অবশ্য জাটকা সংরক্ষণ সপ্তাহ চললেও বাজারে দেখা মিলছে জাটকা ইলিশের।
ব্যবসায়ীরা জানান, বাজারে এমনিতেই ইলিশের আকাল। এর মধ্যে বৈশাখকে কেন্দ্র করেই চাহিদা বেশি হওয়ায় দামও অনেকাংশে বেশি। পহেলা বৈশাখের পর দাম কিছুটা কমবে।
বরিশাল পোর্ট রোড মৎস্য পাইকারি মৎস্য বন্দর সূত্রে জানা গেছে, ২০২১ সালে পহেলা বৈশাখ ও প্রথম রমজান একই দিন পড়েছিল। এর পরের আরো দুটি পহেলা বৈশাখ রমজানের মধ্যে পালিত হয়। গত বছর ঈদুল ফিতরের দুদিন পর পহেলা বৈশাখ হওয়ায় দুটি উৎসব একাকার হয়ে গিয়েছিল। এসব কারণে গত চারটি বাংলা বর্ষবরণে ছিল না পান্তা-ইলিশের আয়োজন। ইলিশের দামেও প্রভাব ছিল না। এক সপ্তাহ আগে থেকে বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। যা পাওয়া যাচ্ছে, সেটা সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নেই। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রকারভেদে ৭০০ থেকে ১ হাজার টাকা।
বরিশাল পোর্ট রোড ও বরগুনার পাথরঘাটার ইলিশ মোকামের ব্যবসায়ীরা বলছেন, পাঁচটি অভয়াশ্রমে ইলিশ আহরণে ১ মার্চ থেকে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে দাম বাড়ানোর কৌশল হিসেবে এক সপ্তাহ আগে মোকামে ইলিশ সরবরাহ কমেছে। যতটুকু আসছে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য কিনে আড়তদাররা মজুদ করছেন। একই সঙ্গে চলছে ইলিশ সংরক্ষণ সপ্তাহ।
বরগুনার পাথরঘাটা মোকামের অবস্থা পোর্ট রোডের চেয়েও করুণ বলে জানা গেছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পাথরঘাটার ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ শিকদার জানান, সারা দেশে ইলিশ সংকট। গত এক মাসে পাথরঘাটা মোকামে ইলিশ বিক্রি হয়েছে ২৯ মণ। সাগরে ৩০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে না। মোহনাসংলগ্ন বলেশ্বর ও বিষখালী নদীতে পাওয়া ইলিশ বৈশাখ উপলক্ষে খোলাবাজারে বিক্রি হচ্ছে। তবে দাম চড়া।
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ৩০ এপ্রিল পর্যন্ত মাছ শিকার নিষিদ্ধ থাকবে। এছাড়া বর্তমানে নদীতে ইলিশ মাছ কম আসছে। তাই মাছ কম ধরা পড়ায় দাম বেশি। সামনে জোয়ার আছে, মেঘ-ষ্টি হলে নদীতে ইলিশ মাছ পাওয়া যাবে।’










